- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

এনসিপি সন্ত্রাসীদের হামলায় গৃহবন্দী রুহেলের পরিবার: আইনশৃঙ্খলা বাহিনীও নিষ্ক্রিয়

রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এনসিপির সশস্ত্র সন্ত্রাসীদের অনবরত হামলা ও হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন মোহাম্মদ রুহেল নামের এক যুবকের অসুস্থ বাবা ও তাঁর পরিবার। অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে তারা বর্তমানে নিজ বাড়িতে গৃহবন্দী অবস্থায় দিন পার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের মূল দাবি— মোহাম্মদ রুহেল কেন দেশে ফিরছেন না? তিনি দেশে ফেরার সাথে সাথেই তাকে হত্যা করার হুমকি দিচ্ছে সন্ত্রাসী গোষ্ঠীটি। সন্তানের জীবন বাঁচাতে আকুতি জানিয়ে সন্ত্রাসীদের হুমকি-ধামকি না দেওয়ার অনুরোধ করায় পরিবারের ওপর আরও চড়াও হয় তারা। একপর্যায়ে সন্ত্রাসীরা হুঁশিয়ারি দিয়ে জানায়, রুহেল দেশে আসা মাত্রই তাকেসহ তার পুরো পরিবারকে একসাথে হত্যা করা হবে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে একাধিকবার অবহিত করা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ বা প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ বা সহায়তা করছে না। প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।

এদিকে, সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় এলাকাবাসী বা প্রতিবেশীরাও ভুক্তভোগী পরিবারটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাহস পাচ্ছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, সন্ত্রাসীদের এই অপকর্মের প্রতিবাদ করলে বা পরিবারটিকে সহযোগিতা করতে গেলে তাদেরকেও সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে গোটা এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মোহাম্মদ রুহেলের অসুস্থ বাবা ও পরিবারের সদস্যরা বর্তমানে চরম প্রাণভয়ে ভুগছেন এবং নিজেদের জীবন রক্ষায় উর্ধ্বতন প্রশাসনিক মহলের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন