সুনামগঞ্জের জামালগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) গোলাম কিবরিয়া রাজিবকে প্রশাসনিক আদেশে জেলার শাল্লা থানায় বদলি করা হয়েছে।
গত কয়েকদিন ধরে এএসআই গোলাম কিবরিয়া রাজিবকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ব্যাপক আলোচনা লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্যক্তি তাকে নিয়ে ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করেন। এক শ্রেণির ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন পোস্টে তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, অনেকেই ফেসবুকে তার পক্ষে অবস্থান নিয়ে লেখালেখি করেন। তাদের দাবি, তিনি মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা মন্তব্য করেন।
গত ৯ জুলাই জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেলসহ দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় এএসআই গোলাম কিবরিয়া রাজিব আবারও আলোচনায় আসেন। ওই ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও তাকে নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।
পরে সুনামগঞ্জ পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে আজ জামালগঞ্জ থানা থেকে শাল্লা থানায় তাকে বদলি করা হয়।
এদিকে, তার বদলির বিষয়টি নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এ বদলির কারণ সম্পর্কে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো বন্দে আলী জানান, এটি পুলিশের নিয়মিত প্রশাসনিক বদলি। এর সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই।
