ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ায় ইউনিয়ন উদ্যোক্তা বরখাস্ত

সিলেটে ফ্যামিলি কার্ডের নামে টাকা গ্রহণের পর তা ফেরত দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিবু দাসের ভাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা গ্রহণের পর তা ফেরত দিতে দেখা যায়।

বুধবারের ওই ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাৎক্ষণিকভাবে ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাসকে বরখাস্ত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি সমকালকে জানিয়েছেন, টাকা গ্রহণের বিষয়ে কেউ অভিযোগ করেনি। ভিডিওটি দেখে উদ্যোক্তা শিবু দাসকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের উদ্যোক্তা শিবু দাস ও তার ছোট ভাই দীপ দাস হৃদয় কয়েক দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে নারীদের কাছ থেকে ১২০ থেকে ১৩০ টাকা করে নেন। শিবু নেপথ্যে থেকে তার ভাইকে দিয়ে টাকা গ্রহণ করেন।

বুধবার দীপ দাস হৃদয় ইউনিয়ন উদ্যোক্তা অফিসে বসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে টাকা নেন। ওইদিন এক ব্যক্তির অভিযোগের পর নারীদের টাকা ফেরত দিতে শুরু করেন তিনি। টাকা ফেরতের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন