শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সিলেটের জকিগঞ্জে বৃহত্তর এলাকাবাসীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়িতে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী। তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত ওলীআল্লাহ, ইসলাহী আন্দোলনের অগ্রদূত এবং দ্বীনী শিক্ষার উজ্জ্বল পথপ্রদর্শক। তাঁর ইলম, আমল ও আখলাকের আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়াই ঈসালে সওয়াব মাহফিলের মূল উদ্দেশ্য।
তিনি মাহফিলকে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও সুচারুভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জানানো হয়, আগামী ১৫ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন ঐতিহাসিক বালাই হাওরে ১৮তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
এ মাহফিলে দেশ-বিদেশের খ্যাতনামা পীর-মাশায়েখ, আলেম-উলামা ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থেকে বয়ান প্রদান করবেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিলে প্রতিবছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে।
এ বিপুল জনসমাগমকে কেন্দ্র করে আগত মুসল্লিদের নিরাপত্তা, যাতায়াত, শৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
মতবিনিময় সভায় দলমত নির্বিশেষে এলাকার মুরব্বিয়ানে কেরাম, আলেম-উলামা, যুবসমাজ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাহফিল বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলী। উপস্থিত থেকে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা বিষয়ে মতামত তুলে ধরেন।
সভা শেষে ১৮তম ঈসালে সওয়াব মাহফিলকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও অর্থবহভাবে সম্পন্ন করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
