ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৬ বছরের পথচলার ইতি টানলেন নেইমার। ৩৪ বছর বয়সী এই তারকা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বিদায় নিলেন তিনি।

সান্তোসের হয়ে কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর নিজের সিদ্ধান্ত জানান নেইমার। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের শেষ ষোলো থেকে বিদায়ের পর থেকেই তার অবসর নিয়ে জল্পনা চলছিল। এবার সেটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি।

নেইমার বলেন, ‘জাতীয় দলে আমার অধ্যায় শেষ। ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে আমি সবকিছু উজাড় করে দিয়েছি। দেশের জার্সির জন্য রক্ত, ঘাম আর জীবন দিয়েছি। এখন আর সেই লড়াই চালিয়ে যেতে চাই না।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে একাধিক বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন নেইমার। এখন তার পুরো মনোযোগ থাকবে ক্লাব ফুটবলে, বিশেষ করে শৈশবের ক্লাব সান্তোসে।

এদিকে সম্প্রতি ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বিরোধের যে খবর ছড়িয়েছে, তা নাকচ করেছেন নেইমার। তার দাবি, তিনি কেবল দলের পারফরম্যান্স উন্নত করার কথা বলেছেন, কাউকে ভয় দেখানো বা অপমান করার কোনো ঘটনা ঘটেনি।

মাঠের বাইরের বিতর্কের মাঝেও ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নেইমার। এই জয়ে কোপা সুদামেরিকানার শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিলের ক্লাবটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন