দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে গত ৬ নভেম্বর গেদা মিয়ার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাবেক মেম্বার আলাউদ্দীন মিয়াকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। তিনি স্বামীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় আলাউদ্দীন মিয়ার স্ত্রী অভিযোগ করে বলেন, একই ওয়ার্ডের সাবেক মেম্বার রফিক মিয়া তাঁর স্বামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্নভাবে পরিবারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। রফিক মিয়া আগামী নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করার পর থেকেই তাঁদের পরিবারকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর স্বামী কখনো রফিক মিয়ার নির্বাচনে বাধা দেননি; বরং গ্রামের মানুষের সমর্থন পেলে নির্বাচন করার কথা বলেছেন।
তিনি আরও অভিযোগ করেন, পুরোনো বিরোধকে কেন্দ্র করে রফিক মিয়া বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক তৈরি করে বিরোধ মেটানোর নামে নতুন জটিলতা সৃষ্টি করেছেন।
মাদ্রাসার জমি নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে যে প্রচারণা চলছে, তা সঠিক নয় বলে দাবি করেন আলাউদ্দীন মিয়ার স্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, মাদ্রাসার অর্থের প্রয়োজন হওয়ায় তৎকালীন কমিটির সিদ্ধান্তে আব্দুল আহাদ মিয়ার কাছে এক ডিসিমেল জমি বিক্রি করা হয়। ওই দলিলে গেদা মিয়া, আলাউদ্দীন মিয়া, পংকি মিয়া, মরহুম মকবুল মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষর রয়েছে এবং দলিলের কপি তাঁদের কাছে সংরক্ষিত আছে।
পরবর্তীতে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় এবং আব্দুল আহাদ মিয়ার ক্রয়কৃত জমি মাদ্রাসার সীমানার মধ্যে দখলে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর প্রশ্ন, মাদ্রাসার জমি নিয়ে বিরোধই যদি হত্যাকাণ্ডের কারণ হয়ে থাকে, তাহলে জমি ক্রয়কারী আব্দুল আহাদ মিয়া মামলার আসামি নন কেন? অথচ তাঁর স্বামী আলাউদ্দীন মিয়াকে কেন এ ঘটনায় জড়ানো হচ্ছে? তিনি দাবি করেন, তাঁর স্বামী তখন মাদ্রাসা বা মসজিদ কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না।
আলাউদ্দীন মিয়ার স্ত্রী আরও বলেন, গুরুস্থানের ৩৫ হাজার টাকা এবং জামিলা বেগমের মসজিদে দান করা সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়ও রয়েছে। তাঁর দাবি, এসব বিষয় নিয়ে আব্দুল আহাদ মিয়া পঞ্চায়েতে কথা বলায় সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ তৈরি হয়। জমি ও অর্থের বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডকে জড়িয়ে প্রচার করা হলেও এসব ঘটনার প্রকৃত সম্পর্ক তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত বলে তিনি মনে করেন।
আহাদ মিয়া স্কুলের জামে মসজিদের গেট ও রাস্তা নিয়ে রফিক মিয়ার পক্ষের সঙ্গে দীর্ঘদিন বিরোধ ছিল বলে উল্লেখ করেন তিনি। সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ আবদুল মালিকের হস্তক্ষেপে এলাকার মুরব্বিদের নিয়ে সেই বিরোধ নিষ্পত্তি হয়েছিল বলে দাবি করেন। ফলে ওই বিরোধের সঙ্গে গেদা মিয়া হত্যাকাণ্ডের সম্পর্ক নেই বলে তাঁর বক্তব্য।
আলাউদ্দীন মিয়ার স্ত্রী অভিযোগ করেন, ৬ নভেম্বর এশার নামাজের আগে তাঁদের বাড়িতে ২৫–৩০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। ওই সময় বাড়িতে পুরুষ সদস্যরা ছিলেন না। নারী ও শিশুরা প্রতিরোধের চেষ্টা করে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা বাড়িতে ফিরে আসেন। পরে গেদা মিয়ার ওপর হামলা ও মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা।
তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর স্বামী বা পরিবারের সদস্যদের জড়িত করে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর স্বামী আলাউদ্দীন মিয়া নির্দোষ এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
পরিশেষে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান আলাউদ্দীন মিয়ার স্ত্রী। পাশাপাশি যাচাই-বাছাই ছাড়া কারও বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ না ছড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।
