উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
জ্ঞানার্জনে লাইব্রেরির সাথে সেতুবন্ধন তৈরি করতে হবে

সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টারে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন‍্য ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম‘ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন, ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, স্থাপত্য, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেল্থ বিভাগে স্প্রিং সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত বিভিন্ন সেকশনের নতুন শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে লাইব্রেরি ওরিয়েন্টেশন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে আয়োজিত ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ এ লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে অর্জিত জ্ঞান বিভিন্ন পর্যায়ে বিতরণ করা হয়। জ্ঞান সৃষ্টির জন‍্য লাইব্রেরিতে গিয়ে বই পড়তে হবে এবং লাইব্রেরির রিসোর্স ব‍্যবহার করতে হবে। শিক্ষার্থীদেরকে বইয়ের সাথে সেতু বন্ধন তৈরি করতে হবে। লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত সিএসই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা, জ্ঞান অর্জন ও গবেষণার জায়গা আর লাইব্রেরি হলো এমন একটি স্থান যাকে শিক্ষা ও গবেষণাসহ সমস্ত জ্ঞানের ভাণ্ডার বলা হয়। সুতরাং শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও জ্ঞান আহরণের জন‍্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে হবে। শুধু অনলাইনের মাধ্যমে নয়, জ্ঞানের স্থায়িত্বের জন‍্য শিক্ষার্থীদেরকে সশরীরে লাইব্রেরিতে গিয়ে বই পড়ার পরামর্শ প্রদান করেন তিনি।

তিনি আরো বলেন, শিক্ষাজীবনের ১২টি বছর অতিক্রম করার পর বিশ্ববিদ্যালয় পর্যায়ের চারটি বছর শিক্ষার্থীদের জন‍্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভালোভাবে পড়াশোনা করে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে নিজেকে তৈরি করতে হবে। লাইব্রেরির সাথে যারা সেতুবন্ধন তৈরি করবে তারাই উন্নতি করবে এবং ভালো ফলাফল পাবে। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার যে স্বপ্ন তা এই সমৃদ্ধ লাইব্রেরির মাধ‍্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরিতে যেসব বই-পুস্তক জার্নাল-ম্যাগাজিন, ই-বুক, ই-জার্নাল আছে সেসবের তথ্য এবং কিভাবে তা ব্যবহার করতে হয় সে বিষয়টি উপস্থিত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করেন। লাইব্রেরি ব‍্যবহারে শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বেশি বেশি লাইব্রেরি ব্যবহার করার পরামর্শ দেন। পরিশেষে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসে শিক্ষার্থীদেরকে লাইব্রেরি ব‍্যবহারে উৎসাহ প্রদান করার জন‍্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন