বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গোলাপগঞ্জ থানা শাখার প্রচার সম্পাদক জুয়েল আহমদ এর বাড়িতে হামলা ও ভাংচুরের খবর জানা গেছে। গতকাল ২১/০৩/২০২১ইং রবিবার বিকাল অনুমান ৩.২০ মিনিটের সময় বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গোলাপগঞ্জ থানা শাখার ক্যাডাররা এই হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় গত কিছুদিন পূর্বে জুয়েল আহমদ ছাত্রদলের কোন এক সভায় বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। উক্ত বিষয়টিকে নিয়ে কেন্দ্র করে গোলাপগঞ্জ থানা শাখার কতিপয় ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রদল নেতা জুয়েলের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং হামলা ও ভাংচুর শেষে তারা মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রদল নেতা জুয়েল আহমদ আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয় নিয়ে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। দোষী ব্যক্তিরদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদল নেতা জুয়েল আহমদ এর বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনায় গোলাপগঞ্জ থানা শাখার ছাত্রদল ও সিলেট জেলা ও মহানগরের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।