গোলাপগঞ্জে জাতীয় ইমাম সমিতির আলোচনা সভা, কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয়’ শীর্ষক আলোচনা সভা, ত্রি-বার্ষিক কাউন্সিল ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এনাম উদ্দিন ও মাওলানা আমীর উদ্দিন জালালীর যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজমল হোসেন চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঞা।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জাতীয় ইমাম সমিতির পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে সাংগঠনিক ও গণতান্ত্রিক নিয়মে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে জাঁকজমকপূর্ণ এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন