গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

সিলেট-জকিগঞ্জ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কবির আহমদ নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।তিনি গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কবির আহমদ। পথে হিলালপুর নয়া মসজিদের সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে অভিযোগ উঠেছে, ঘটনার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা।

পরে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ভূয়া ভূয়া স্লোগান দিয়ে তাদের তাড়িয়ে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা পাশের একটি বাসায় আশ্রয় নেন।

পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের সহযোগিতায় নিহতের মরদেহ রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয় এবং দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন