হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে সংঘটিত চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ নাসির (২৫) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ দল।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারগড়িয়া এলাকার বাসিন্দা। তার স্বামী প্রবাসে থাকেন। গত ২৩ মার্চ ২০২৬ বিকাল সাড়ে ৪টার দিকে তিনি তার বন্ধু হোসেন মিয়ার সঙ্গে সিএনজি যোগে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানে বেড়াতে যান।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চা বাগানের ভেতরে অবস্থানকালে দুই দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় হোসেন মিয়া পালিয়ে গেলে তারা ভিকটিমকে জোরপূর্বক নির্জন স্থানে নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরে তার কানের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সারাদেশে বিষয়টি আলোচিত হয়। ভিকটিম নিজেই বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ এপ্রিল রাত ১১টা ৫ মিনিটে চট্টগ্রামের মীরসরাই থানার মিঠাছড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে নাসিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাসির মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের নুর উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ একই মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছিল র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
