নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, পদযাত্রা, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় জেলা কেন্দ্রীয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জিকে গউছ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার তারেক মাহমুদ, পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার মো: হায়াতুন- নবী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা বিএনপির উদ্যোগে জুলাই স্তম্ভ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। এতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হুইপ জিকে গউছ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের কল্যাণে কাজ করাই বিএনপির অঙ্গীকার। তিনি বলেন, অতীতের দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতি থেকে বেরিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়াই আমাদের দায়িত্ব।
অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
