শাম্মি আক্তার
গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাদ আসর হবিগঞ্জ শহরের চিলড্রেন পার্কে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ ও ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগলেও দেশ ও জনগণের কথা কখনো তার হৃদয় থেকে মুছে যায়নি। মহান আল্লাহর দরবারে তার আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সুস্থভাবে দেশে ফিরে জনগণের নেতৃত্ব দিতে পারেন- সে কামনাও করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আব্দালুর রহমান, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, অধ্যক্ষ এনামুল হক , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবি সাঈদ চৌধুরীসহ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন চান মিয়া মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান আশিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন