সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি মর্টার শেল উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয় করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের পিয়াইন নদীর নয়াগাঙ্গের পাড় এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙ্গের পাড় নামক স্থানে শিশুরা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। এসময় মর্টার শেলটি স্থানীয় কয়েকজন যুবক আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেল থেকে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে। এরপর মর্টার শেলটি পাহারায় সেখানে পুলিশ মোতায়েন করার পাশাপাশি তা উদ্ধার এবং নিষ্ক্রিয় করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশের পক্ষ থেকে আদালতে লিখিত ভাবে আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের এটিও ক্যাপ্টেন মনিরা’র নেতৃত্বে বোমা নিষ্ক্রিয় করণ ইউনিটের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনা বাহিনী, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টার শেলটি ধ্বংসের জন্য আবেদন করা হলে আদালতের আদেশক্রমে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
