হাদী হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে ছাত্র জমিয়তের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে সারাদেশব্যাপী ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ইসলাম উদ্দীন মাসরুরের সঞ্চালনায় সাব-রেজিস্টার মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শেখ মঈনুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ, সহ-সভাপতি মুফতি আমীর আহমদ, সহ-সভাপতি হাফিজ উদ্দীন খান, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, দফতর সম্পাদক হাফিজ বশীর উদ্দীন, যুব জমিয়ত বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম, সহ-সভাপতি হাফিজ এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন চমকপুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, অর্থ সম্পাদক মুফতি ইমদাদুর রহমান, নির্বাহী সদস্য মুফতি ওলিউর রহমান, মো. সিরাজুল ইসলাম, মাওলানা জাবির আহমদ, মাওলানা আব্দুর রহমান রুমান, হাফেজ মাহবুব আল রাশেদ এবং জুলাই যোদ্ধা রিমন মিয়া।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই গণ-আন্দোলনের একজন সাহসী সংগঠক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদী। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন