ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ ঘোষণা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এই বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আশা করছি, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই হামলায় জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে আমরা জনগণের সার্বিক সহযোগিতা পাব বলে দৃঢ় বিশ্বাস করি।’
এ সময় তিনি হাদিকে যে সন্ত্রাসী গুলি করেছে যদি কেউ তার সন্ধান দিতে পারে, তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন।
তিনি আরও বলেন, ‘ওসমান হাদির ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যেকোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।’
‘বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’ বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, ‘যারা এবারের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তারা চাইলে ব্যক্তিগত অস্ত্রের জন্য লাইসেন্সের অনুমোদন দেওয়া হবে।’
