মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে সিলেট নগরের উপশহর এলাকায় তিনি হামলার শিকার হন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বড়লেখা উপজেলার সাবেক আমীর ও বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল ইসলাম।
জানা গেছে, ঘটনার দিন রাত সোয়া ৯টার দিকে সিলেটের উপশহর-শিবগঞ্জ সড়কের ১৮ নম্বর সড়কে অজ্ঞাতপরিচয়ের কিছু লোক সোয়েব আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। মারধর করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। হামলার বিষয়টি চার দিন গোপন থাকার পর মঙ্গলবার (১৪ এপ্রিল) সোয়েব আহমদের রক্তাক্ত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বড়লেখা উপজেলার সাবেক আমির ও আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এমদাদুল ইসলাম তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি সোয়েব আহমদকে ‘বন্ধুবর’ সম্বোধন করে লিখেন, “বড়লেখা উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান বন্ধুবর সোয়েব আহমদের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে।” তিনি আহত সোয়েব আহমদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার দ্রুত সুস্থতাও কামনা করেন।
আক্রান্ত সোয়েব আহমদের ছোট ভাই ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল জানান, নিরাপত্তার স্বার্থে বিষয়টি প্রথমে প্রকাশ করা হয়নি। তবে দেশ-বিদেশের মানুষের অকুন্ঠ ভালোবাসা ও প্রতিক্রিয়ায় তারা আবেগাপ্লুত। তার ভাই এখন আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন।
