বোরো ধানের বীজতলা তৈরির আগেই অসময়ে পানি শুকিয়ে যাওয়ায় সুনামগঞ্জের হাওরগুলোতে শত শত একর ফসলি জমি চৌচির (ফেটে) হয়ে গেছে। চাষাবাদের শুরুতেই পানির সংকট দেখা দেওয়ায় দুর্ভোগে পড়েছেন লাখো কৃষক। জলবায়ু গবেষক, জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগের দাবি, বর্ষার শেষ সময়ে ও হেমন্তে বৃষ্টিপাত কম হওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বোরো ফসলের ভান্ডার হিসেবে খ্যাত সুনামগঞ্জের ছোট-বড় ১৩০টি হাওরে রয়েছে দুই লাখ ২৩ হাজার ৫১০ হেক্টরের বেশি বোরো জমি। এসব জমি থেকে প্রতি বছর প্রায় ১৪ লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হয়। জেলায় কৃষিকাজের সঙ্গে জড়িত রয়েছেন প্রায় ১০ লাখ মানুষ।
কৃষকরা জানান, বর্ষাকাল শেষে হাওরের পানি কমে যাওয়ায় চাষাবাদে সংকট দেখা দিয়েছে। হাওরে জনবসতি স্থাপনের শুরু থেকেই বোরো চাষাবাদ প্রকৃতিনির্ভর (হাওরের খাল-বিল ও জলাশয়ে জমে থাকা) পানির মাধ্যমে হয়ে আসছে। কিন্তু এ বছর হাওরে পানি নেই। অসময়ে হাওর ও নদীর পানি নেমে যাওয়ায় দূর থেকে সেচপাম্পের মাধ্যমে পানি আনতে হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকদের চাষাবাদের খরচ বাড়ছে, অন্যদিকে হাওরে এমন পরিবেশ অব্যাহত থাকলে বোরো ধানের উৎপাদন কমতে পারে।
তাহিরপুর উপজেলার শনির হাওরপাড়ের মধ্যতাহিরপুর গ্রামের কৃষক বুরহান উদ্দিন বলেন, গত ৬৩ বছরে হাওরে প্রকৃতির এমন পরিবর্তন দেখেননি তিনি। গত বৈশাখে অতিবৃষ্টির পানিতে ধান তলিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপর ধানের সঠিক মূল্যও পাননি তারা। এ বছর বীজতলা তৈরির আগেই বোরো জমি শুকিয়ে গেছে। চলতি বোরো মৌসুমে বোরো চাষিদের পাম্পের মাধ্যমে সহযোগিতা করা প্রয়োজন। তা না হলে এ বছর কৃষকদের ভোগান্তিতে পড়তে হবে। হাওরে এমন পরিবেশ থাকলে ধানের উৎপাদন কমতে পারে।
সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওরপাড়ের জগাইরগাঁও গ্রামের কৃষক আবুল বরকত বলেন, হাওরে এমন অবস্থা আগে কখনও দেখেননি তারা। হাওরে চাষাবাদ করতে হয় প্রকৃতিনির্ভর পানির মাধ্যমে। কিন্তু এ বছর হাওর থেকে অনেক আগেই পানি নেমে গেছে। বৃষ্টি না হলে বোরো ধান চাষাবাদ করা কঠিন হবে। বীজতলা ও জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। সেখানে ঘাস উঠেছে এবং গরু-ছাগল চরানো হচ্ছে।
একই এলাকার কৃষক মোহাম্মদ নুর মিয়া বলেন, পুরো হাওরই শুকিয়ে গেছে। কৃষকরা কীভাবে চাষাবাদ করবেন, তা নিয়ে কেউ কথা বলছেন না। কৃষি বিভাগও কোনো পরামর্শ দিচ্ছে না। বীজতলা তৈরিতেই দূর থেকে পাম্পের মাধ্যমে পানি আনতে হচ্ছে। এতে অন্য বছরের তুলনায় চাষাবাদের খরচ বাড়ছে।
হাওর এলাকার জলবায়ু গবেষক সালেহীন চৌধুরী শুভ বলেন, সুপার এল নিনোর প্রভাব পড়েছে এশিয়ায়। আশ্বিন ও কার্তিক মাসে বৃষ্টি কম হয়েছে। এতে নদীর পানির স্তর নিচে থাকায় হাওরে পানি দ্রুত নেমে যাচ্ছে। সুপার এল নিনোর প্রভাবে আগামী শীতের পরপরই আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাষাবাদের পানি সংরক্ষণের জন্য হাওর এলাকার খাল-বিল ও জলাশয় খননের দাবি জানান তিনি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী-২ প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, অন্য বছর ডিসেম্বর মাসে হাওরের পানি নামলেও এ বছর অক্টোবর মাসেই পানি নেমে গেছে। অন্য বছর নভেম্বর মাসে ২৭ মিলিমিটার বৃষ্টি হলেও এ বছর মাত্র ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানির স্তরও অনেক নিচে রয়েছে। এ কারণে হাওরগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে। এতে কৃষকদের বীজতলা তৈরিতে অসুবিধা হচ্ছে।
তিনি আরও বলেন, কোথাও কোথাও রাতের আঁধারে হাওরের বাঁধ কেটে দেওয়ার কারণেও পানি দ্রুত কমেছে। বাঁধ কাটা রোধে কৃষকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। হাওরে পানি ধীরগতিতে নামানোর জন্য কয়েকটি জায়গায় জিও ব্যাগ ফেলা ও বাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, হাওরে বোরো চাষাবাদ প্রকৃতিগত পানির ওপর নির্ভরশীল। বর্ষার শেষে বৃষ্টিপাত না হওয়ায় হাওরে পানির পরিমাণ তুলনামূলক কম। পাশাপাশি এল নিনোর প্রভাবে তাপমাত্রা বেশি হওয়ায় পানি দ্রুত নেমে যাচ্ছে। অন্য বছরের মতো হাওরে পানি না থাকায় কৃষকরা চাষাবাদে বাধাগ্রস্ত হচ্ছেন। পানির কাছাকাছি বীজতলা তৈরির জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকদের চাষাবাদের জন্য পানি সংরক্ষণের বিষয়ে জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে। যেসব এলাকায় পানি পাওয়া যাবে না, সেখানে অন্যান্য রবিশস্য চাষের জন্য কৃষকদের অনুরোধ করা হচ্ছে।
