হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা এবং নদ-নদী রক্ষার পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর জামালগঞ্জ উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জামালগঞ্জের সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে খন্দকার ইনসান আহমেদ মনিরকে সভাপতি এবং ছাদিকুর রহমান স্বাধীনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি ওবায়দুল মুন্সী এবং সদস্য মুন্না চৌধুরী।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেটের কার্যক্রম কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। এসব প্রকল্পের কাজ যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বক্তারা হাওরের প্রাকৃতিক সম্পদ, নদ-নদী, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৩৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি: আরিফুল ইসলাম সরকার, মো. আফাই হোসেন, সেলিম আহমেদ, জসিম উদ্দিন, আবুল হোসেন মোড়ল, শাহানুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল মুরছালিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ দ্বীন ইসলাম স্বপন ও সুলেমান আফিন্দী জাফরান, অর্থ সম্পাদক সাব্বির রহমান আরিফ, বাঁধ বিষয়ক সম্পাদক নাফিউদ্দোহা ও মিজান মিয়া, দপ্তর সম্পাদক আজাদ মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু ইউসুফ নাঈম, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ জিহাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আজিমুদ্দিন হেলাল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাইনুদ্দীন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আশরাফ খান, নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল। হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক নকুল দাশ, মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য দেলোয়ার জাহান আরিফ, কামাল হোসেন, মো. জোবায়ের, রুহুল আমিন, জুয়েল মিয়া, মিছবা তালুকদার, ইয়াছিন আরাফাত, শাহা আলম, মোশাহিদ মিয়া ও আপন মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাওরাঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, নদ-নদী রক্ষা এবং উন্নয়ন প্রকল্পে অনিয়ম প্রতিরোধে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
