একসময় গ্রামের বিকেল মানেই ছিল খোলা মাঠে শিশু-কিশোরদের হইচই, দর্শকদের করতালি আর খেলোয়াড়দের দম ধরে রাখার লড়াই। মাঠের এক প্রান্ত থেকে ভেসে আসত ‘হাডুডু, হাডুডু’ শব্দ। এক পাড়া বা গ্রামের সঙ্গে অন্য পাড়া কিংবা গ্রামের দলের প্রতিযোগিতাকে ঘিরে উত্তেজনা আর উল্লাসে মুখর হয়ে উঠত পুরো এলাকা। দূর-দূরান্ত থেকেও খেলা দেখতে ভিড় করতেন সব বয়সি মানুষ। তবে সময়ের পালা বদলে গ্রামবাংলার মাঠ মাতানো হাডুডু খেলার সেই চিরচেনা দৃশ্য এখন আর আগের মতো দেখা মিলে না।
একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে হাডুডু ছিল অন্যতম জনপ্রিয় বিনোদন। বিশেষ করে বিকেলবেলা কিংবা ফসল কাটার পর অবসর সময়ে খোলা মাঠে আয়োজন করা হতো এ খেলার। কোথাও বন্ধুদের মধ্যে হতো ছোট পরিসরে প্রতিযোগিতা, আবার কোথাও আয়োজন করা হতো বড় ধরনের খেলার আসর। গ্রামের এক পাড়া বা মহল্লার সঙ্গে অন্য পাড়া কিংবা পাশের গ্রামের দল খেলায় অংশ নিত। খেলাকে কেন্দ্র করে তৈরি হতো উৎসবমুখর পরিবেশ। বেশ কয়েকদিন আগ থেকেই খেলার আয়োজন ঘিরে মাইকিং করা হতো। অনেক সময় দূরদূরান্ত থেকেও মানুষ খেলা দেখতে আসতেন। জয়-পরাজয় নিয়ে দর্শকদের মধ্যে চলত আলোচনা, তর্ক-বিতর্ক ও আনন্দ-উল্লাস।
হাডুডু খেলতে প্রয়োজন হতো না দামি কোনো সরঞ্জাম কিংবা বিশেষ পোশাকের। একটি খোলা মাঠ, দুই দলের কয়েকজন খেলোয়াড় আর খেলার প্রতি আগ্রহ থাকলেই আয়োজন করা যেত এই খেলা। মাঠকে দুই ভাগে ভাগ করে দুই দল মুখোমুখি হতো। একজন খেলোয়াড় প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করে একটানা শ্বাস ধরে ‘হাডুডু’ বলতে বলতে প্রতিপক্ষের খেলোয়াড়দের ছোঁয়ার চেষ্টা করতেন। অন্যদিকে প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ধরে আটকে রাখার চেষ্টা করতেন। ছুঁয়ে নিরাপদে নিজের সীমানায় ফিরে আসতে পারলে পয়েন্ট পাওয়া যেত। আর প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে আটকে রাখতে পারলে পয়েন্ট অর্জন করতেন। অঞ্চলভেদে খেলার নিয়মে কিছুটা ভিন্নতা থাকলেও এর মূল আকর্ষণ ছিল কৌশল, শারীরিক শক্তি এবং ও দলগত সহযোগিতা।
মাঠের চারপাশে ভিড় জমাতেন নানা বয়সি দর্শক। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বাদ যেতেন না এ খেলা উপভোগ করতে। মাঠে জায়গা না পেয়ে অনেক কিশোর গাছে উঠে বসত, সেখান থেকেই উপভোগ করত খেলার প্রতিটি মুহূর্ত। খেলার পরিস্থিতি ও খেলোয়াড়দের কৌশল বুঝে কিছুক্ষণ পরপরই দর্শকদের মধ্যে শুরু হতো হৈচৈ, করতালি আর উল্লাস। মাঠজুড়ে ছড়িয়ে পড়ত আনন্দ ও উত্তেজনার এক ভিন্ন আবহ।
গ্রামের প্রবীণদের কাছে হাডুডু নিয়ে রয়েছে অসংখ্য স্মৃতি। তাদের অনেকেই ছোটবেলায় নিয়মিত এ খেলায় অংশ নিয়েছেন। কেউ ছিলেন নিজের দলের সেরা খেলোয়াড়, আবার কেউ ছিলেন খেলা আয়োজনের অন্যতম উদ্যোক্তা। একসময় খেলার মাঠে সন্ধ্যা নেমে এলেও অনেকের খেলার নেশা কাটত না। কখনো কখনো সন্ধ্যার পরও খেলা চালিয়ে যেতে আলোর ব্যবস্থা করা হতো। হাডুডু শুধু একটি খেলা নয় গ্রামীণ সমাজের মানুষের মধ্যে বন্ধন তৈরির অন্যতম মাধ্যম ছিল।
বাংলাদেশে হাডুডুর গুরুত্ব শুধু গ্রামীণ বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলাটির আধুনিক ও নিয়মবদ্ধ রূপ কাবাডি নামে পরিচিত। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। আন্তর্জাতিক পর্যায়েও এ খেলার স্বীকৃতি ও প্রতিযোগিতা রয়েছে। কিন্তু জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি থাকলেও গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডুর চর্চা আগের মতো আর দেখা যায় না।
একসময় গ্রামের শিশু-কিশোরদের দিনের বড় একটি সময় কাটত খোলা মাঠে। পড়াশোনা ও পারিবারিক কাজের বাইরে তারা বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত। এখন সেই জায়গা অনেকটাই দখল করে নিয়েছে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গেম। অবসর পেলেই অনেক শিশু-কিশোর মাঠে যাওয়ার পরিবর্তে স্মার্টফোনে সময় কাটাতে বেশি আগ্রহী। ফলে হাডুডুর মতো দলগত ও শারীরিক পরিশ্রমনির্ভর খেলাগুলোর প্রতি আগ্রহ কমছে।
এছাড়া গ্রামাঞ্চলে খেলার মাঠের সংকটও এ ঐতিহ্য হারিয়ে যাওয়ার অন্যতম কারণ। একসময় গ্রামের প্রায় প্রতিটি এলাকায় ছিল খোলা মাঠ, যেখানে শিশু-কিশোররা নিজেদের ইচ্ছেমতো খেলাধুলা করতে পারত। কিন্তু বসতবাড়ি নির্মাণ, কৃষিজমির ব্যবহার পরিবর্তন এবং বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার কারণে অনেক খেলার মাঠ কমে আসছে। কোথাও মাঠ থাকলেও নিয়মিত খেলার পরিবেশ নেই। ফলে নতুন প্রজন্মের মধ্যে হাডুডু শেখা ও চর্চার সুযোগ কমে যাচ্ছে।
অন্যদিকে, অভিভাবকদের মধ্যেও খেলাধুলার বিষয়ে আগের তুলনায় ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। অনেক অভিভাবক সন্তানদের পড়াশোনার প্রতি বেশি গুরুত্ব দিতে গিয়ে মাঠে খেলাধুলার সময় সীমিত করে দিচ্ছেন। আবার কেউ কেউ মনে করেন, হাডুডুর মতো গ্রামীণ খেলায় ভবিষ্যৎ গড়ার সুযোগ কম। তাই সন্তানদের ক্রিকেট, ফুটবল কিংবা অন্যান্য আধুনিক খেলায় আগ্রহী করে তুলছেন।
হাডুডু খেলায় শারীরিক শক্তির পাশাপাশি মানসিক দৃঢ়তা, উপস্থিত বুদ্ধি, কৌশল ও দলগত সমন্বয়ের প্রয়োজন হয়। নিয়মিত এ খেলায় অংশ নিলে শরীরচর্চার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মানসিকতা তৈরি হয়। একজন খেলোয়াড়কে প্রতিপক্ষের গতিবিধি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। একইসঙ্গে দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে এগিয়ে যেতে হয়। অর্থাৎ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও এ খেলার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
হাডুডু এমনি একটি খেলা, যার সঙ্গে জড়িয়ে আছে গ্রামবাংলার মানুষের আনন্দ, আবেগ, শৈশব ও সামাজিক সম্প্রীতির গল্প। একসময় যে খেলা গ্রামের মানুষের অবসরকে আনন্দময় করে তুলত, আজ সেই খেলাই নতুন প্রজন্মের কাছে অনেকটা অপরিচিত হয়ে উঠছে।
এই ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। জাতীয় দিবস, গ্রামীণ মেলা কিংবা সামাজিক অনুষ্ঠানে এ খেলার আয়োজন করলে নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি হবে। পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি। আধুনিকতার সঙ্গে তাল মেলাতে গিয়ে নিজেদের ঐতিহ্যকে বিসর্জন দেওয়া উচিত নয়। হাডুডুর মতো গ্রামীণ খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে হলে নতুন প্রজন্মের কাছে এগুলোকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।
