
ছবি: এআই
সিলেট নগরীর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা বন্দরবাজারে এবার আধুনিকায়নের ছোঁয়া লাগতে যাচ্ছে। দীর্ঘদিনের পুরোনো ও ঐতিহ্যবাহী হাসান মার্কেটের স্থলে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মার্কেট নির্মাণের পাশাপাশি বর্তমান ব্যবসায়ীদের স্বার্থ ও ব্যবসা পরিচালনার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘হাসান মার্কেট সিলেট নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাণকেন্দ্রীয় এলাকায় অবস্থিত। ঐতিহ্যবাহী এই মার্কেটের স্থলে সময়ের চাহিদা অনুযায়ী একটি অত্যাধুনিক সুপার মার্কেট নির্মাণ করা প্রয়োজন।’
তিনি বলেন, বন্দরবাজারের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় নতুন মার্কেট নির্মাণের ক্ষেত্রে শুধু ভবন নির্মাণ নয়, এর সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা, পার্কিং, নিরাপত্তা ও জনসাধারণের চলাচলের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। সার্বিক বিষয় পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মার্কেট নির্মাণের পথে এগিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘প্রস্তাবিত মার্কেটে আন্ডারগ্রাউন্ড পার্কিংসহ বিভিন্ন আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি বর্তমানে যারা হাসান মার্কেটে ব্যবসা করছেন, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও সিটি কর্পোরেশন গুরুত্ব দেবে।’
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা মার্কেটের ভবিষ্যৎ উন্নয়ন, নকশা, নির্মাণপ্রক্রিয়া, ব্যবসায়ীদের পুনর্বাসন ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ব্যবসায়ীদের মতামত ও স্বার্থ বিবেচনায় নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, হাসান মার্কেটের জায়গায় আধুনিক মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা এর আগেও আলোচনায় এসেছিল। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও এ ধরনের একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে সে সময় পরিকল্পনাটি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবার সিসিক প্রশাসনের উদ্যোগে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রইছ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য ও মতামত তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী আকিক, আজমল হোসেন চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন সোহেল, সহসাধারণ সম্পাদক মো. সাহেদ বকস্, আজিজুল মকসুদ তালহা, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মো. আব্দুল রহিম, সাদ্দাম হোসেন মিলন, বিজয় দাস সানি, সমিতির সদস্য মীর মোহাম্মদ জাকারিয়া, নিটু দেব, শাহজাহান আহমদ, আবু হানিফ, সবুজ আহমদ, আব্দুল্লাহ আহমদ খোকন, এরশাদ আলম, কাউসার আহমদ এবং অফিস সহকারী সালমান হোসেন ইমনসহ অনেকে।