হাতের অস্ত্রোপচারের পর চিকিৎসায় লেগো, গড়লেন বিশ্ব রেকর্ড

কানাডার ফ্রেডরিক অলিভার নিজেকে সুস্থ রাখতে বহু বছর ধরে লেগো কেনেন, লেগো মেলান। এভাবে লেগো সেট কিনতে কিনতে তাঁর বিশাল এক সংগ্রহশালা গড়ে উঠেছে। এখন বিশ্বের সবচেয়ে বেশি স্টার ওয়ার্স লেগো সেটের মালিক তিনি, গড়েছেন বিশ্ব রেকর্ডও।

লেগো হলো একধরনের খেলনা; যেখানে প্লাস্টিকের ব্লক একটার সঙ্গে আরেকটা জুড়ে বিভিন্ন কাঠামো, বাড়ি, গাড়ি, রোবট, যা খুশি বানানো যায়।

অলিভারের ঘটনার শুরু ১৯৯৯ সালে। সে সময় তিনি বয়সে তরুণ, কাজ করতেন নির্মাণশ্রমিক হিসেবে। নির্মাণশ্রমিক হিসেবে বছরের পর বছর কঠোর শারীরিক পরিশ্রমের কারণে একসময় তাঁর দুই হাতেই কার্পাল টানেল সিনড্রোমের অস্ত্রোপচার করতে হয়। দুর্ভাগ্যবশত, অস্ত্রোপচার সফল হয়নি এবং প্রায় এক বছর তিনি হাত প্রায় নড়াচড়াই করতে পারতেন না।

হাতের পেশির তন্তু পুনর্গঠনের জন্য অলিভারের পুনর্বাসনমূলক চিকিৎসা ও থেরাপি শুরু হয়। সে সময়ে একজন চিকিৎসক তাঁকে একটি সহজ পরামর্শ দিয়েছিলেন—ছোট কোনো বস্তু নিয়ে খেলাধুলা বা কাজের মাধ্যমে হাতের সূক্ষ্ম নড়াচড়ার দক্ষতা পুনর্গঠন করতে।

এ ক্ষেত্রে খেলনা ট্রেন রং করা, কাঠ খোদাই করা কিংবা সূচিশিল্প বেশ কাজের। এডমন্টনের বাসিন্দা অলিভার এসব না করে বেছে নেন লেগো। কারণ, সৃজনশীল এ খেলা তাঁকে শৈশবের কল্পনাশক্তির কথা মনে করিয়ে দিয়েছিল।

একটি একটি করে লেগো ব্রিক জুড়ে অলিভার স্টার ওয়ার্সের একেকটি দৃশ্যের অনুরূপ কাঠামো তৈরি করেন। কাজটি যেমন তার মনোযোগ পুরোপুরি আকর্ষণ করেছিল, একই সঙ্গে হাতের নড়াচড়ার শক্তি পুনরুদ্ধার প্রক্রিয়াতেও সহায়তা করেছিল।

২৭ বছর পর, বর্তমানে অলিভার তাঁর হাতের ‘প্রায় ৯৫ শতাংশ সক্ষমতা’ ফিরে পেয়েছেন। দিনের পর দিন চর্চা করতে গিয়ে লেগোর প্রতি তাঁর আগ্রহও অনেক বেড়েছে।

নিজের বেজমেন্টের তাক ও টেবিলজুড়ে তিনি সানন্দে সঙ্গে সাজিয়ে রেখেছেন স্টার ওয়ার্স লেগোর বহু সেট। গত বছর অলিভার সবচেয়ে বেশি স্টার ওয়ার্স লেগো সেট সংগ্রহে থাকার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েন। সে সময় তাঁর সংগ্রহে আনুষ্ঠানিকভাবে ৯৯৩টি সেট ছিল। এখন সংগ্রহে ১ হাজার ৫১টি সেট। নতুন সংগ্রহ নিয়ে তিনি আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য আবেদন করেছেন।

অলিভার বলেন, ‘এটি সত্যিই দারুণ একটি অর্জন! বয়স বৃদ্ধির সঙ্গে অনেকে কল্পনাশক্তি হারিয়ে ফেলেন, লেগো আমার সেই কল্পনাকে সজীব রাখতে সাহায্য করেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন