হবিগঞ্জ ৪ আসনের ২৮টি চা বাগানের শ্রমিক ঐক্যবদ্ধ : ধানের শীষ সমর্থনে বিশাল সমাবেশ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে ২৮টি চা বাগানের শ্রমিকদের ব্যাপক সমর্থনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১০ নম্বর মাঠে সমাবেশটি আয়োজন করা হয়। এতে চুনারুঘাটের ২৩টি এবং মাধবপুরের ৫টি চা বাগানের হাজার হাজার নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন, ঢাকঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে মিছিল করে সভাস্থলে প্রবেশ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল, বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ এবং বাগান কমিটির সদস্যরা।
বাগানের নেতৃবৃন্দ বলেন, “এর আগে এত বড় পরিসরে চা বাগানভিত্তিক কোনো রাজনৈতিক সমাবেশ হয়নি। এবার ২৮ বাগানের প্রায় ৭৫ হাজার ভোটার একত্রিত হয়েছেন। শ্রমিকরা দলমত নির্বিশেষে নিজেদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
লস্করপুর ভ্যালি সভাপতি রাবিন্দ্র গৌড় বলেন, “চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তার সংকটে ভুগছে। আমরা আজ একত্র হয়েছি আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। ব্যালটের মাধ্যমে আমাদের অবস্থান প্রমাণ করব।”
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী জানান, চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে প্রার্থী তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন।
প্রধান অতিথি সৈয়দ মোঃ ফয়সল বলেন, “চা শ্রমিকদের মূল সমস্যা হলো নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে। বাগানগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থা, স্কুল-কলেজ স্থাপন এবং রাস্তাঘাট উন্নয়ন করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় পাশে থাকব।”
বিশেষ অতিথি সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আমি চা শ্রমিক ভাই-বোনদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। তাদের দারিদ্র্য দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।” তিনি শ্রমিকদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগানসহ বিশাল শোভাযাত্রা বের হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চা বাগানভিত্তিক ভোটারদের ঐক্যবদ্ধ অবস্থান হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন