সৌদি আরবে কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা আহমেদ আলী মুকিব। বর্তমানে তিনি সে দেশের সরকারি হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যায়, তাঁর অবস্থান শনাক্ত এবং দ্রুত মুক্তির জন্য বাংলাদেশ সরকার সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। রিয়াদ ও জেদ্দাভিত্তিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে কনস্যুলার অ্যাক্সেসও চাওয়া হয়েছে।
তবে এখন পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে আটক আহমেদ আলী মুকিবের বর্তমান অবস্থান বা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।