হবিগঞ্জসহ দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
যেসব জেলায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেগুলো হলো-নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।
যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন-নীলফামারী জেলা পরিষদে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাট জেলা পরিষদে এ কে এম মমিনুল হক, পাবনা জেলা পরিষদে মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইল জেলা পরিষদে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনা জেলা পরিষদে মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুর জেলা পরিষদে মো. সিরাজুল হক, ঢাকা জেলা পরিষদে মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ।
তাছাড়া, গাজীপুর জেলা পরিষদে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা পরিষদে জামিলুর রশিদ খান, নরসিংদী জেলা পরিষদে তোফাজ্জল হোসেন, ফরিদপুর জেলা পরিষদে মো. আফজাল হোসেন খান পলাশ, হবিগঞ্জ জেলা পরিষদে আহমেদ আলী, চাঁদপুর জেলা পরিষদে এ কে এম সলিম উল্যা সেলিম ও ফেনী জেলা পরিষদে অধ্যাপক এম এ খালেক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
