প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।
শিক্ষা উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা এবং প্রাথমিক শিক্ষা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
মো. রুহুল আমিন ২০২৫ সালের ৩১ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, জনসেবামূলক উদ্যোগ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তিনি সর্ব মহলে প্রশংসিত হন। তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন, বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর থেকেই প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।
তাঁর এ কৃতিত্ব অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
