- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

হবিগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে গাঁজাসহ গ্রেফতার ২

হবিগঞ্জের মাধবপুর থেকে প্রাইভেটকারে করে সিলেটে যাওয়ার পথে ২০ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের মো. তোফায়েল মিয়ার ছেলে মো. রাব্বী (২৬) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের মো. শওকত মিয়ার ছেলে মো. নুরুল হক (৪০)।

এসআরবি-৯-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অলিপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মাধবপুর থেকে সিলেটগামী একটি প্রাইভেটকার থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ২০টি পোটলা থেকে ২০ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন