হবিগঞ্জে বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণাসহ নানা ঘটনায় খোয়া যাওয়া বিপুল পরিমাণ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি)। উদ্ধার করা হয়েছে চারজন ভুক্তভোগীর ৮ লাখ ৬১ হাজার টাকা এবং ৩১ জন ব্যক্তির ৩১টি মোবাইল ফোন। উদ্ধার করা এসব টাকা ও মোবাইল ফোন মঙ্গলবার (২৫ আগস্ট) ভুক্তভোগীদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ । পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও অন্যান্য ঘটনায় মোবাইল ফোন ও টাকা হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেন। পরে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) প্রযুক্তিগত বিশ্লেষণ ও বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে খোয়া যাওয়া মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে। একইভাবে বিভিন্ন ঘটনায় খোয়া যাওয়া টাকা উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চারজন ব্যক্তির মোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের হাতে উদ্ধারকৃত মালামাল তুলে দেওয়া হয়।
এ সময় পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, চুরি, ছিনতাই কিংবা অন্য কোনোভাবে মোবাইল ফোন ও টাকা খোয়া গেলে ভুক্তভোগীদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে জেলা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের এমন কার্যক্রমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনের পাশাপাশি চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ ও মোবাইল ফোন উদ্ধারে সাইবার প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হবে।
