হবিগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, প্রকৃত বাধা সামাজিক কুসংস্কার- এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রোববার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সদরের একটি আলোচনা সভায় গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান। এ ছাড়া মেডিকেল অফিসার ডা. শরীফ মো. সানজিদ জামান আদনানসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কুষ্ঠ কোনো পাপ নয় এবং এই রোগে আক্রান্ত ব্যক্তি কোনোভাবেই অপরাধী নন। এটি একটি জীবাণুবাহিত সংক্রামক রোগ, যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব। বাংলাদেশে কুষ্ঠরোগের চিকিৎসা সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। তারা আরও জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার চা-বাগান এলাকায় কুষ্ঠরোগের প্রাদুর্ভাব তুলনামূলক বেশি। এ কারণে এসব এলাকায় নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনসহ নানা সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।

দ্য লেপ্রসি মিশন ও হীড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্ব কুষ্ঠ দিবসের মূল লক্ষ্য হলো কুষ্ঠরোগ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া, সামাজিক কুসংস্কার দূর করা এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনঃঅন্তর্ভুক্তি নিশ্চিত করা। এ লক্ষ্যে সাধারণ মানুষ ও রোগীদের মাঝে সঠিক তথ্য ও স্বাস্থ্যশিক্ষা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন