হবিগঞ্জের চুনারুঘাটে ধানক্ষেত থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কয়েকজন শ্রমিক ধান কাটতে যাওয়ার সময় ক্ষেতের মধ্যে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি চুনারুঘাট থানায় জানানো হলে এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত সুজন উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই এবং বিয়ের পর শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, সুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ধানক্ষেত থেকে সুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
