- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়েছে।

স্থানীয়রা জানায়, রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে বক্তারপুর ও কদুপুর গ্রামের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে কদুপুর গ্রামের তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রাকিব মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ নভেম্বর) তার মৃত্যু হয়।

নিহত রাকিব মিয়া বড়ইউড়ি ইউনিয়নের কদুপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন