হবিগঞ্জে গভীর রাতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে আগুনে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাজারে স্থানীয় ব্যবসায়ী সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, গভীর রাতে রেস্টুরেন্টটিতে হঠাৎ আগুন জ্বলে উঠলে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। তবে একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক দোকানসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে খবর পেলেও যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে সেখানে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন