হবিগঞ্জে ‘মা ও শিশু কর্নার’ উদ্বোধন

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মানবিক ও জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সেবাপ্রত্যাশী মা ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে ‘মা ও শিশু কর্নার। ​

বুধবার (৪ মার্চ) দুপুরে ফিতা কেটে এই ব্যতিক্রমী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

এসময় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবুল হাসেম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক জানান, সরকারি সেবা নিতে আসা মায়েরা যাতে কোনো ধরনের অস্বস্তি বা বিড়ম্বনায় না পড়েন, সে লক্ষ্যেই এই কর্নারটি স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সরকারি সেবা নিতে আসা মায়েদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। মা ও শিশু কর্নার-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ ও নিরিবিলি মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন এবং শিশুরাও থাকবে সুরক্ষিত ও আনন্দময় পরিবেশে। উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সচেতন মহলের মতে, প্রশাসনের এ ধরনের উদ্যোগ সেবার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের সাথে সরকারি দপ্তরের সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন