হবিগঞ্জের বাহুবলে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা–সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিলেটের শাহপরান এলাকায় বাসিন্দা পিকআপ ভ্যানের চালক আশরাফুল মো. মুক্তাকিম (৪২) ও
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা সবজি ব্যবসায়ী লিটন গাজী (৫৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সবজি বোঝাই পিকআপ ভ্যানটি সিলেটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপে থাকা সবজি ব্যবসায়ী লিটন গাজীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, পিকআপ ভ্যানের চালক আশরাফুলের মরদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় আছে। লিটন গাজীর লাশটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে আছে। নিহত আশরাফুলের মরদেহ পরিবারের সদস্যরা এলে হস্তান্তর করা হবে। পুলিশের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ট্রাক ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে, তবে ট্রাকচালক পলাতক। ঘন কুয়াশা দুর্ঘটনার কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
