- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বেজুরা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।

স্থানীয়রা জানান, দুপুরে বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি সিএনজির ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন