প্রধানমন্ত্রীর নির্দেশে হবিগঞ্জের খোয়াই নদীর ভাঙনকবলিত বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। এ সময় তিনি নদীভাঙন রোধে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর ভাঙনকবলিত প্রতিরক্ষা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জ শহরকে বন্যার পানিতে প্লাবিত হওয়া থেকে রক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শহর রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হয়েছে। বর্তমানে এসব প্রকল্পের পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্ষা মৌসুম শেষে প্রকল্পগুলোর বাস্তবায়ন কাজ শুরু হবে।
খোয়াই নদীর স্থায়ী সমাধানের বিষয়ে তিনি বলেন, ব্যারেজ নাকি স্লুইসগেট- কোনটি প্রয়োজন, তা যাচাই করে স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকল্প দ্রুত গ্রহণ করা হবে। ভবিষ্যতে যাতে এ এলাকার মানুষ নদীভাঙনের মুখে না পড়েন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হবে।
নদী থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা অবৈধভাবে ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন যাতে না হয়, সে বিষয়ে প্রশাসন ও পানি সম্পদ মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দেড় মাসের ব্যবধানে গত রোববার সকালে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বেড়ে যায়। একপর্যায়ে লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নদীর প্রতিরক্ষা বাঁধে ফের ভাঙন দেখা দেয়। ভাঙন দিয়ে দ্রুত পানি লোকালয়ে প্রবেশ করে আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়।
