হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পরে ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এলাকায় এক ব্যক্তি একটি ব্যাগ থেকে অস্ত্র বের করে নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালান। জবাবে সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই সন্দেহভাজন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়। সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি।
ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে অবস্থান করছিলেন, তবে তিনি নিরাপদ ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই হোয়াইট হাউস এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়। সেখানে থাকা সাংবাদিকরা একাধিক গুলির শব্দ শুনে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, নিহত সন্দেহভাজনের বিরুদ্ধে এর আগেও হোয়াইট হাউস এলাকায় অনধিকার প্রবেশের অভিযোগ ছিল এবং তার বিরুদ্ধে ‘স্টে-অ্যাওয়ে অর্ডার’ জারি করা হয়েছিল। ঘটনার তদন্তে এফবিআইও সহায়তা করছে। সূত্র: সিএনএন







