ঈদে অসহায়দের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করলেন এমপি-জীবন

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রিপিস ও হাজি রুমাল বিতরণ করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। বৃহস্পতিবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রেজাউল করিম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। কেউ যেন অভুক্ত না থাকে, সেজন্য সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, “দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

অনুষ্ঠানে আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩০০ জন অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি ২১৪টি শাড়ি, ২৪টি থ্রিপিস ও হাজি রুমাল বিতরণ করা হয়।

এসময় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন