ইরানে আকস্মিক হামলা চালাল ইসরায়েল

ইরানের ওপর আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল । শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সকালে চালানো এই অভিযানের পর রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং সবাইকে নিরাপদ আশ্রয়স্থলের কাছে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিএফ বলেছে, ‘এটি একটি পূর্বসতর্কতামূলক বার্তা। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনার জন্য জনসাধারণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা জারি করা হয়েছে।’ ইরানি গণমাধ্যম জানিয়েছে, হামলায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে লক্ষ্য করা হয়েছে এবং তেহরানের কেন্দ্রীয় এলাকায়ও বিস্ফোরণ ঘটেছে।

তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি বলে জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরানও এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন