ইরানের সঙ্গে চলমান আলোচনা ঘিরে নতুন পাঁচটি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ও ইরানি সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কঠোর অবস্থান নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানকে প্রায় ৪০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি জানিয়েছে। একই সঙ্গে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে মাত্র একটি সচল রাখার শর্তও দেওয়া হয়েছে।
এ ছাড়া, যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা সম্পদের অন্তত ২৫ শতাংশ ছাড় দেওয়ার দাবিও প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ ও নিষেধাজ্ঞাজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতেও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাবে ‘বাস্তব কোনো ছাড়’ নেই। তেহরান মনে করছে, মার্কিন অবস্থান এখনো একতরফা এবং চাপ সৃষ্টির কৌশলের অংশ।
ইরান এর আগেই স্পষ্ট জানিয়েছিল যে, তারা নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতে রাজি নয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, ‘ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না।’
বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়াম মজুত নিয়েই মূলত দুই দেশের মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সীমাবদ্ধতা চাইলেও ইরান তা সার্বভৌম অধিকারের প্রশ্ন হিসেবে দেখছে। সূত্র: এনডিটিভি
