- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব

সিলেটে দুই দিনব্যাপী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে প্রস্তুতি শেষ করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট। বৃহস্পতিবার রাত ৮টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে অধিবাস অনুষ্ঠান। এতে কয়েক শত ভক্ত অংশ নেন।

আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি রিকাবীবাজার, লামাবাজার হয়ে মির্জাজাঙ্গালে গিয়ে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রার সঙ্গে যুক্ত হবে। এরপর নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই পথে ইসকন সিলেট মন্দিরে ফিরে শোভাযাত্রা শেষ হবে।

শোভাযাত্রা শেষে ইসকন সিলেট মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাতে ১২টায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে উপলক্ষে অনুষ্ঠিত হবে বিশেষ মহাভিষেক।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর শনিবার ইসকনের প্রতিষ্ঠাতা-আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে। এর মধ্যে থাকবে অভিষেক, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ইসকন সিলেট কর্তৃপক্ষ জানিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে ভক্তদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুই দিনের এসব আয়োজনে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন