
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, তিনি জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিংকও যুক্ত করা হয়েছে।
লিংকে প্রবেশ করলে একটি ভিডিও দেখা যায়, যেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। তার পাশেই শাকিব খানের মতো দেখতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে আরও কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র যুক্ত করা হয়েছে। ভিডিওটির শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে একে ‘জামায়াতের ভাইরাল গান’ হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে শাকিব খানের অংশগ্রহণের দাবি করা হয়।
তবে ভিডিওটি যাচাই করে জানা গেছে, এটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
ভিডিওটির কমেন্ট বক্সে দেখা যায়, অনেকেই এটিকে সত্য ভেবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এ ধরনের কোনো ভিডিও বা কার্ড সম্পর্কে তিনি অবগত নন। পাশাপাশি ওই সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তিনি কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেননি।
বর্তমানে শাকিব খান দেশের বাইরে অবস্থান করছেন। ঈদ উপলক্ষে মুক্তির জন্য একটি সিনেমার শুটিং নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে তিনি স্বল্প বিরতি নেবেন। এরপর শুরু করবেন নতুন সিনেমা ‘রকস্টার’-এর কাজ।