মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে জামায়াত সমর্থিত মেম্বারপ্রার্থী ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় ব্যবসায়ী ও যুব নেতা মোয়াজ্জেম হোসেন জুয়েল-এর ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উত্তরভাগ ইউনিয়নের ছোয়াব আলী বাজারে এই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জুয়েল জামায়াতে ইসলামী মৌলভীবাজার সদর উপজেলা যুব বিভাগের সভাপতি এবং আসন্ন ইউপি নির্বাচনে উত্তরভাগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী।
ব্যবসায়ীর পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে তাদের মার্কেটে বেশ কয়েকটি দোকান থাকলেও সুনির্দিষ্টভাবে তাদের মালিকানাধীন ৪টি দোকানেরই তালা ভেঙে চুরি করা হয়। সংঘবদ্ধ চোরচক্র দোকানগুলো থেকে আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল, নগদ অর্থ ও মূল্যবান আসবাবপত্র ক্ষতিগ্রস্ত করে নিয়ে যায়।
জুয়েল জানান, ঘটনার সময় তাঁর বাবা দোকানের পেছনে বাসায় অবস্থান করছিলেন। তালা ভাঙ্গার শব্দ পেয়ে তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা তাঁকে মারধরের জন্য এগিয়ে আসে। তবে স্টিলের গেট বন্ধ থাকায় তিনি রক্ষা পান। ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে ১৭ অক্টোবর রাতে পরিদর্শন করেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, উত্তর ভাগ ইউনিয়ন টিম সদস্য শেখ আব্দুল মালিক, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি তুহিন আহমদ, ওয়ার্ড সভাপতি মুজিবুর রহমান, বাজারের ব্যবসায়ী পারভেজ মিয়া, ফারচু মিয়া, পলাশ দাশ, বিমল ধর, তাওহীদ আহমদ, রাকিবুল ইসলাম, আনোয়ার হোসেন, শাকিল আহমদ প্রমুখ।
পরিদর্শনকালে জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো. শাহেদ আলী বলেন, জনগণের জান মাল ও ব্যবসায়ীদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে অবহেলা করলে জনগণের জীবন জান মাল ঝুঁকির মধ্যে পড়বে।
তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে ও পুলিশ বিভাগের রাতের টহল বাড়াতে হবে। আমরা আশাবাদী প্রশাসন শীঘ্রই অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবে।
এ বিষয়ে রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, ইতিমধ্যে আমি ও আমাদের থানার কর্মরতরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলা হলে মামলা নিব আমরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
