- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জাতীয় যুব পুরস্কারে বিভাগীয় কোটা পুনর্বহালের দাবি সিলেটের মোঃ কামালের

জাতীয় যুব পুরস্কারের ‘সংগঠক’ ক্যাটাগরিতে পূর্বের ন্যায় বিভাগীয় কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন জেলার যুব সংগঠনের প্রতিনিধিরা। এ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন যুব সংগঠক ও অভিনয়শিল্পী মো: কামাল। আবেদনে দেশের বিভিন্ন প্রান্তে যুব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সমাজসেবা, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছায় রক্তদান, দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত যুব সংগঠকদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

আবেদনকারী সংগঠক মো: কামাল বলেন, দেশের বিভিন্ন জেলার অসংখ্য যুব সংগঠক দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সমাজ ও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। কিন্তু জাতীয় পর্যায়ে পুরস্কারের সংখ্যা সীমিত থাকায় অনেক যোগ্য ও নিবেদিতপ্রাণ সংগঠক তাঁদের কাজের যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।

আবেদনে বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তর প্রদত্ত জাতীয় যুব পুরস্কার দেশের যুব সংগঠক ও স্বেচ্ছাসেবীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি। বিশেষ করে ‘সংগঠক’ ক্যাটাগরির পুরস্কার তৃণমূল পর্যায়ে কাজ করা যুব সংগঠকদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিনিধিদের দাবি, পূর্বে বিভাগভিত্তিক কোটা থাকায় দেশের প্রতিটি বিভাগ থেকে যোগ্য সংগঠকদের পুরস্কারের আওতায় আনার সুযোগ ছিল। বর্তমানে শুধুমাত্র জাতীয় পর্যায়ে সীমিত সংখ্যক পুরস্কার দেওয়া হলে বিভিন্ন জেলার অনেক যোগ্য সংগঠক তাঁদের অবদান থাকা সত্ত্বেও স্বীকৃতি পাওয়ার সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন। তাঁদের মতে, বিভাগীয় কোটা পুনর্বহাল করা হলে প্রতিটি বিভাগ থেকে যোগ্য সংগঠকদের মূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে। এতে যুব সংগঠকদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা বাড়বে, নতুন নেতৃত্ব তৈরি হবে এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

আবেদনে আরও বলা হয়, দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত অঞ্চলে কাজ করা অনেক সংগঠকের কার্যক্রম জাতীয় পর্যায়ে যথাযথভাবে দৃশ্যমান হয় না। বিভাগীয় পর্যায়ে স্বীকৃতির সুযোগ থাকলে এসব সংগঠকের অবদান মূল্যায়নের পাশাপাশি তাঁদের জাতীয় পর্যায়ে কাজ করার আগ্রহ ও সক্ষমতাও বাড়বে। আবেদনকারী মো: কামাল জাতীয় যুব পুরস্কারের ‘সংগঠক’ ক্যাটাগরিতে পূর্বের ন্যায় বিভাগীয় কোটা পুনর্বহাল করে প্রতিটি বিভাগ থেকে যোগ্য ও নিবেদিতপ্রাণ যুব সংগঠকদের পুরস্কৃত করার ব্যবস্থা গ্রহণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের সদয় বিবেচনা কামনা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন