- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জাউয়া বাজারে সেতুর রেলিং ভেঙে ঝুলে পড়ল ডাম্প ট্রাক

সুনামগঞ্জ সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে পড়েছে একটি খালি ডাম্প ট্রাক। রোববার (৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান।

দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ক্রেন দিয়ে সেতুতে ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ডাম্প ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। জাউয়া বাজার এলাকায় বোকা নদীর সেতুতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেতুর এক পাশের রেলিং ভেঙে অপর পাশে গিয়ে আটকে যায় ট্রাকটি। এ সময় ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ঝুলে ছিল এবং বাকি অংশ সেতুর ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে যায়।

ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাউয়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, সকালে বাজারে এসে তিনি সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখেন। তিনি বলেন ট্রাকটি খালি ছিল বলেই হয়তো সেতুর সঙ্গে আটকে আছে। বোঝাই থাকলে এটি সরাসরি নদীতে পড়ে যেতে পারত।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান ভোরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক রয়েছেন। পরে ক্রেনের সহায়তায় সেতুতে ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন