- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

যে বিয়েতে ৫০০ বাবুর্চি রান্না করেছেন

প্রতীকী ছবি: এআই

ভারতের বিহার রাজ্যে এক রাজনীতিকের মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথির সমাগম ঘটেছে। বিয়ের আয়োজন ঘিরে কয়েক দিন ধরে চলেছে ব্যাপক প্রস্তুতি। অতিথিদের আপ্যায়নে তৈরি করা হয়েছে পাঁচ লাখ মিষ্টি। খাবার রান্নার দায়িত্বে ছিলেন প্রায় ৫০০ বাবুর্চি। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানস্থল ও আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

বুধবার (২৫ নভেম্বর) বিহারের রাজধানী পাটনার কাছে নাদওয়ান গ্রামে এ বিয়ের আয়োজন করেন ছয়বারের বিধায়ক অনন্ত সিং। তার মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে ঋষিকেশ কুমারের।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গ্রামবাসী, রাজনৈতিক মিত্র ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল এ অনুষ্ঠানে। ভারতের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনের প্রচলিত রীতিকেও ছাড়িয়ে গেছে এই আয়োজনের ব্যাপ্তি।

অনন্ত সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী মুন্না সিং বার্তাসংস্থা এএফপিকে জানান, অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল ঐতিহ্যবাহী পাঁচ লাখ মিষ্টি। পাশাপাশি ৫০০ বাবুর্চি ও রাঁধুনি মিলে আয়োজন করেন বিশাল নিরামিষ খাবারের ভোজ।

অতিথিদের যাতায়াতের সুবিধায় অনুষ্ঠানস্থলে তৈরি করা হয়েছিল পাঁচটি হেলিপ্যাড। হেলিকপ্টারে করে আসেন গুরুত্বপূর্ণ অতিথিরা। প্রতিবার হেলিকপ্টার অবতরণের সময় ধুলার ঝড় তৈরি হওয়ায় আশপাশে জড়ো হওয়া উৎসুক মানুষের ভোগান্তিও বাড়ে।

বিয়ের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রায় ২০০ ঘোড়া নিয়ে এই প্রতিযোগিতা দেখতে প্রায় এক লাখ মানুষ উপস্থিত হলে আয়োজকেরা তা পিছিয়ে দিতে বাধ্য হন। প্রতিযোগিতা দেখতে অনেককে গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়তেও দেখা যায়।

অনুষ্ঠানে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিভিন্ন স্থান। ছিল আতশবাজির আয়োজনও। কনে শিবাঙ্গী সিং বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে আসেন। অন্যদিকে বর ঋষিকেশ কুমার আসেন প্রায় ২০০ গাড়ির বহর নিয়ে।

তবে এই বিপুল আয়োজনের কারণে আশপাশের সড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। যানজটে আটকে পড়া এক রাজনীতিক গাড়ি ছেড়ে ট্রাক্টরে চড়ে কৃষিজমির ভেতর দিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

উল্লেখ্য, অনন্ত সিংয়ের বিরুদ্ধে হত্যা মামলাসহ কয়েক ডজন ফৌজদারি মামলা রয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন তিনি।

কনসালটিং প্রতিষ্ঠান কেপিএমজির হিসাব অনুযায়ী, ভারতে প্রতিবছর এক কোটির বেশি বিয়ে হয়। দেশটির বিয়েকেন্দ্রিক শিল্পের বাজারমূল্য আনুমানিক ৪ হাজার থেকে ৫ হাজার কোটি ডলার।

সূত্র: দ্য গার্ডিয়ান

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন