যে কারণে র‌্যাবের খাঁচায় আমিনুল

সুনামগঞ্জের দিরাইয়ে বিষমিশ্রিত পানি পান করিয়ে এক যুবককে হত্যার ঘটনায় আলোচিত মামলার প্রধান পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আমিরুল ইসলাম (৫০) সুনামগঞ্জের দিরাই উপজেলার বুরহানপুর গ্রামের মৃত হাজী মদরিছ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে র‌্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ও সদর কোম্পানি সিলেটের যৌথ অভিযানে সিলেটের শাহপরাণ থানার শিবগঞ্জ বাজার এলাকার তামাবিল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত জয় মহাপাত্র (২০) দিরাই উপজেলার ভাঙ্গাডহর এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় দেড় মাস আগে তিনি আমিরুল ইসলামের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকায় একটি পুরোনো মোবাইল ফোন কিনেছিলেন। সে সময় ৫ হাজার টাকা পরিশোধ করে বাকি ৫০০ টাকা পরে দেওয়ার কথা ছিল।

অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি সকালে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আমিরুল মোবাইলটি নিয়ে রেখে দেন এবং বিকেলে দোকানে গিয়ে সিম কার্ড নিয়ে যেতে বলেন। বিকেলে জয় সিম কার্ড আনতে গেলে দোকানের দরজা বন্ধ করে তাকে মারধর করা হয়। এরপর একটি গ্লাসে বিষ মিশিয়ে জোরপূর্বক পান করিয়ে সিম কার্ড দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বাড়ি ফেরার পর জয় অসুস্থ হয়ে বারবার বমি করতে থাকলে স্বজনরা প্রথমে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিকে গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।

র‌্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন