- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ছোট বোনের বিয়ের দাওয়াত না দেওয়ার কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাইদের বিরুদ্ধে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে সম্পন্ন হয়। তবে ওই বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সকালে সেই বিয়ের দাওয়াত পৌঁছাতে নাজিম উদ্দিন চাচাতো ভাই মাসুমের বাড়িতে গেলে প্রথমে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়। নাজিম উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে নিহতের অপর চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করে বলেন, ‘মাসুমদের বিয়ের দাওয়াত সময়মতো না দেওয়ার ক্ষোভ থেকেই তারা নাজিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে।’

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন