সিলেটের জৈন্তাপুরের বড়গাঙ নদীতে এখন স্রোত প্রায় নেই। ফলে নদীতে নতুন করে বালু জমছে না বললেই চলে। এতে ইজারাধীন অংশে বালুর সংকট দেখা দিয়েছে। এই সুযোগে ইজারাদারের শ্রমিকদের নজর পড়েছে নদীতীরের ব্যক্তিমালিকানাধীন জমিতে। গোয়াবাড়ি এলাকায় বেলচা-শাবল দিয়ে এসব জমি কেটে বালু তুলে নিয়ে যাচ্ছে তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজনীতিকসহ স্থানীয় প্রভাবশালীদের মদদে এভাবে বালু লুটপাট চলছে। এতে নদীতীর ভাঙছে। বিলীন হওয়ার মুখে ফসলি জমি।
শ্রমিকসহ বালু উত্তোলনে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বড়গাঙ নদীর বালুমহাল-সংলগ্ন এলাকা থেকে প্রতিদিন ভোর থেকে তিনশর মতো নৌকা (বারকি নৌকা) বালু পরিবহন করে। এসব নৌকার সবচেয়ে ছোটটি ৪৫ ঘনফুট বালু বহন করে। দিনে ৫০০টি ট্রিপ দেয় এসব নৌকা। আকারভেদে কোনো কোনো নৌকায় ৫০ থেকে ১২০ ঘনফুট বালু পরিবহন করা হয়। প্রতি ঘনফুট সর্বনিম্ন ২০ টাকা হিসাবে সবচেয়ে ছোট নৌকার বালুর দাম ৯০০ টাকা। সে হিসাবে দিনে কমপক্ষে সাড়ে চার লাখ টাকার বালু নিয়ে যাওয়া হচ্ছে। আর বড় নৌকার হিসাব করলে এই অঙ্ক অনেক বেশি হবে। এর সঙ্গে আছে ইজারাদারের টোল।
সরেজমিন দেখা যায়, গোয়াবাড়ি এলাকায় নদীর তীরবর্তী জায়গা থেকে বেলচা, শাবল দিয়ে বালু কেটে নেওয়া হচ্ছে। এতে নদীর তীর ধসে পড়ছে। তীরের গাছপালা ও ফসলি জমিও ভাঙনের মুখে পড়ছে।
বালু তোলার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি বারকি নৌকায় ৪৫ থেকে ১২০ ঘনফুট বালু ধরে। প্রতিটি নৌকা থেকে বালুর জন্য কমপক্ষে ৯০০ থেকে হাজার টাকার বেশি আদায় করা হয়। এর সঙ্গে সমপরিমাণ টোলও আদায় করা হয়।
রেকর্ডসূত্রে গোয়াবাড়ি মৌজার ওই জমির মালিকানা নিজেদের দাবি করে বালু উত্তোলন বন্ধের আবেদন জানিয়েছেন নিজপাট চুনাহাটির বাসিন্দা দিদারুল আম্বিয়া চৌধুরী। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের মালিকানাধীন জমি থেকে একটি মহল জোর করে বালু কেটে নিয়ে যাচ্ছে। একই জমির মালিকানা দাবি করছেন স্থানীয় রুপা মিয়াসহ কয়েকজন। এ নিয়ে আদালতে মামলা চলছে।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, ১৪৩২ বাংলা সনে বড়গাঙ নদীর নির্দিষ্ট বালুমহাল ইজারা নেয় সানি-সোহা এন্টারপ্রাইজ। গত বছর ইজারা পাওয়ার পর শ্রমিকরা নদীর দুই পার কেটে বালু উত্তোলন শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইজারাদারকে সতর্ক করেছিলেন। চলতি বছরও প্রতিষ্ঠানটি ইজারা পেয়েছে। এর অংশীদার সিদ্দিক মিয়া ইজারার বিষয়টি দেখভাল করছেন।
সিদ্দিক মিয়া বলেন, ‘আমরা শুধু টোল আদায় করি। বালু তোলার বিষয়টি প্রশাসনের দেখার কথা।’
উপজেলা প্রশাসন জানায়, গত বছরের মতো এবারও নদীগর্ভ বাদ দিয়ে তীর কেটে বালু তোলা হচ্ছে। গত দুই বছরে বড়গাঙের জাঙ্গালঘাট, খেয়াঘাট, লক্ষ্মীপ্রসাদ পূর্ব, গোয়াবাড়ী, রূপচেং ও গরুরঘাট এলাকায় নদীর তীর কেটে বালু তোলার চিহ্ন রয়েছে। স্থানীয় অনেকের বসতবাড়ি, ফসলি জমি ও কবরস্থান নদীতে চলে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধও।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে নদীর পানি কমে যাওয়ায় নদীতে বালু পাওয়া যাচ্ছে না। এ সুযোগে প্রভাবশালীদের মদদে গোয়াবাড়ি এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু তোলা শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জমির মালিকানা দাবিদার রুপা মিয়ার পক্ষকে সহায়তা করছেন উপজেলার নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুকুর, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা নাজিম উদ্দিনসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী। আওয়ামী লীগ নীতি
জানতে চাইলে বিএনপি নেতা আব্দুস শুকুর বলেন, ওই জায়গায় তার শাশুড়ির অংশ রয়েছে। তিনিও চান জায়গা রক্ষা করতে। বালু উত্তোলনে সহায়তার অভিযোগ সঠিক নয়।
দিদারুল আম্বিয়া চৌধুরী বলেন, বারবার অভিযোগ করার পরও বালু উত্তোলন বন্ধ করা যাচ্ছে না। সর্বশেষ গত রোববার তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। বালু তোলায় নদীতীরসহ জমি বিলীন হচ্ছে।
জমির আরেক দাবিদার রুপা মিয়া বলেন, ‘বিএস রেকর্ডে জমি আমাদের নামে। আমার ঘরবাড়িও রয়েছে সেই দাগে। তবে বালু বিক্রির সঙ্গে আমি জড়িত নই।’
নাজিম উদ্দিন বলেন, ‘জায়গাটি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকায় তা সমাধানের জন্য অন্যদের নিয়ে যাওয়া হয়। বালু উত্তোলনে আমার কোনো হাত নেই। কেউ অভিযোগ করলে সেটা মিথ্যাচার ছাড়া কিছু নয়।’
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতীরের জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় কয়েকটি নৌকার ইঞ্জিন খুলে ফেলে অভিযানিক দল। তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন ম্যাজিস্ট্রেট অভিযান করেছেন। পুলিশ তাদের সহায়তা করেছে।
ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, যিনি ইজারা নিয়েছেন তিনি দাবি করছেন ইজারার বাইরে কেউ বালু উত্তোলন করছেন না। অভিযোগের বিষয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইজারার বাইরে কিংবা মালিকানাধীন জায়গা থেকে বালু তোলার কোনো সুযোগ নেই। সূত্র: সমকাল
