- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

জকিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ।

সভায় শেওলা-জকিগঞ্জ সড়কের নির্মাণকাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাজের মান নিশ্চিত করতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়মিত তদারকি করবে বলে সিদ্ধান্ত হয়। নির্মাণকাজে কোনো অনিয়ম বা অসংগতি দেখা গেলে ঠিকাদার বা ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে এলজিইডি অফিস কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় জকিগঞ্জে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদারের বিষয়টি তুলে ধরা হয়।

অপরাধ নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ ক্ষেত্রে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া উত্তরকুলে দুই সহোদর ভাইয়ের ঘরে ডাকাতি এবং ডাকাতদের হামলায় ব্যবসায়ী শামীম আহমদ গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়।

সোনাসারের জামিল আহমদকে অপহরণ করে মারধরের অভিযোগ ও মুন্সীবাজারে ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনে গভীর রাতে চুরির ঘটনাও সভায় উঠে আসে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আজমীর শরীফুল ইসলাম, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মনোজ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ, বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার,খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মর্তুজা চৌধুরী টিপু ও মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ।

এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসেন, উপজেলা জমিয়তের সহ-সম্পাদক সাংবাদিক কে এম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সাংবাদিক রহমত আলী হেলালী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি হীরালাল বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারি সুরঞ্জিত কুমার রায় ও জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ উপস্থিত ছিলেন। সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরাও অংশ নেন।

সভায় আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন